কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী বলে পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের একজনের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে কালো কসটেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। গতকাল রোববার (৯ আগস্ট) ভোরে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আসাননগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, কাকিলাদহ পুলিশ ক্যাম্পের আইসি এসআই মো. ইউসুফ আলী শাহীন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাত্রীকালীন রণপাহারা ডিউটিতে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে মিরপুরের আবুরী মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আসাননগর গ্রামের আহাদ আলীর বাড়িতে কয়েকজন ব্যক্তি বিস্ফোরক দ্রব্যসহ অবস্থান করছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে পুলিশ সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ মো. আহাদ আলী (৩৪) ও মো. ঝন্টু মিয়া (৪৩) নামে দুজনকে আটক করতে সক্ষম হয়। তবে পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আহাদ আলীর হেফাজতে ককটেল থাকার কথা স্বীকার করার দাবি করে পুলিশ। তার দেখানো মতে, বাড়ির শয়নকক্ষের খাটের নিচে একটি হলুদ শপিং ব্যাগের ভেতর কালো কসটেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। পুলিশ জানায়, পর্যাপ্ত নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করে ভোর ৫টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তুটি জব্দ করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়।

গ্রেপ্তার আহাদ আলী আসাননগর গ্রামের মৃত মাতুব্বার আলীর ছেলে এবং ঝন্টু মিয়া একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে। এজাহারে পুলিশ আরও উল্লেখ করেছে, গ্রেপ্তার ব্যক্তিসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে তাদের দাবি। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের প্রাথমিক দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ও ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিলেন। তবে নাশকতার পরিকল্পনায় কারা জড়িত এবং এর পেছনে আরও কেউ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আলী বাদী হয়ে মিরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সরকারবিরোধী নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া লোকজন পালিয়ে যায়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ঘর থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর