ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ মো. ভাষান আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গতকাল রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভেড়ামারা পৌরসভার শাপলা চত্বর এলাকায় একটি বাস কাউন্টারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহভাজন মো. ভাষান আলীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ভাষান আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায়, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।









