খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৪ই জুলাই ২০২৬, ১:২৮ এএম

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় একটি উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসক, নার্স, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সে লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে কুষ্টিয়া সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির আয়োজনে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মানোন্নয়নে বিস্তার আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদর হাসপাতালের উপ পরিচালক ডা: এইস এম আনোয়ারুল ইসলাম। এছাড়া রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, হাসপাতালের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আমাদের জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
প্রতিদিন হাজারো মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। তাই এই সদর হাসপাতাল ও মেডিকেলে সেবার মান উন্নয়ন, রোগীদের প্রতি মানবিক আচরণ এবং একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার যৌথ দায়িত্ব। তিনি আরো বলেন, রোগী কল্যাণ সমিতির কার্যক্রমের মূল লক্ষ্য হওয়া উচিত রোগীদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া।
বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ যাতে হয়রানি ছাড়াই যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। চিকিৎসাসেবার পাশাপাশি পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, নিরাপত্তা এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। সভায় উপস্থিত সদস্যরা রোগীদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য