বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ, মনোহরদিয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান, বৃক্ষরোপণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১৫ আগস্ট) দুপুর ৩টার দিকে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর নিজ উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ। প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং সভাপতিত্ব করেন মনোহরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের গাছের গুরুত্ব, পরিবেশ রক্ষা এবং সবুজ বিদ্যালয় গড়ে তোলার বিষয়ে সচেতন করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা হলে তাদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটবে। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষা, খেলাধুলা ও পরিবেশ সচেতনতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; সমাজের সামর্থ্যবান প্রত্যেক মানুষের দায়িত্ব।
আমরা আমাদের অবস্থান থেকে ভবিষ্যতেও এলাকার শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করা তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই তাদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে এবং অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। ক্রীড়া মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।









