বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে কুষ্টিয়া জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রাক্-বাছাই অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সকালে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই ও সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল ও আবু তালেব, বিএনপি নেতা টোকেন এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কুষ্টিয়া জেলা দল গঠনের লক্ষ্যে এ প্রাক্-বাছাই আয়োজন করা হয়।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক ধারায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুষ্টিয়ার অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে। তাদের যথাযথ সুযোগ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে জাতীয় পর্যায়ে ভালো করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি হবে। আমরা চাই, কুষ্টিয়ার ছেলেরা নিয়মিত খেলাধুলার চর্চার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা বিকশিত করুক এবং জেলার সুনাম বয়ে আনুক।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, খেলাধুলার উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা জরুরি। কুষ্টিয়ার তরুণদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ ও সম্ভাবনা রয়েছে। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া গেলে জাতীয় পর্যায়ে ভালো করার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ অংশগ্রহণের লক্ষ্যে প্রাক্-বাছাই কার্যক্রম তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরার একটি সুযোগ। আমরা চাই, যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন করা হোক এবং কুষ্টিয়ার ক্রিকেট এগিয়ে যাক।









