পৌর ২০নম্বর ওয়ার্ডে জাকির সরকার
বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের চেচুয়া এলাকার পরিত্যক্ত খেলার মাঠটি পুনরায় খেলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাঠটি পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
পরিদর্শনকালে মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করার বিষয়ে পরামর্শ দেন তিনি। একই সঙ্গে এলাকার তরুণ ও যুবকদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে ফুটবল টুর্নামেন্টসহ নিয়মিত বিভিন্ন ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্ব দেন।
এসময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য স্থানীয় পর্যায়ে খেলার মাঠগুলো সচল রাখা এবং নিয়মিত ক্রীড়া আয়োজন করা প্রয়োজন। স্থানীয় তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং মাঠটিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মাঠটি সংস্কার করে নিয়মিত খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা গেলে চেচুয়া এলাকার তরুণ ও যুবসমাজ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।









