বিশেষ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা পেশাজীবী দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা জেলা পেশাজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিলুফা আক্তার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক পারভেজ মাজমাদারসহ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে মরহুম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। এসময় জাকির সরকার বলেন, মরহুম বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন আপোষহীন নেত্রী ছিলেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা রয়েছে। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক সংগ্রামকে স্মরণ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।









