বাতিল হতে পারে ডিলারশিপ
বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় নির্ধারিত বিক্রয় এলাকার বাইরে গোপনে সার বিক্রির অভিযোগে গাজী সিড হাউজের মালিক ও সার-বীজ ডিলার নাসির উদ্দিন সোহেলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পুনরায় করলে জেল-জরিমানার পাশাপাশি তার ডিলারশিপ বাতিলের বিষয়েও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়। অভিযানের সময় কুষ্টিয়া সদর উপজেলার নির্ধারিত এলাকার বাইরে মিরপুর উপজেলায় বিক্রির জন্য কয়েক ভ্যান সার নিয়ে যাওয়ার ঘটনা হাতেনাতে ধরা পড়ে। এ সময় সার বিক্রির মেমোও পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, নাসির উদ্দিন সোহেল কুষ্টিয়া সদর উপজেলার সার ও বীজের ডিলার। সরকারি নিয়ম অনুযায়ী, ডিলার হিসেবে তিনি নির্ধারিত এলাকার বাইরে সার ও বীজ বিক্রি করতে পারবেন না। তবে দীর্ঘদিন ধরে তিনি নির্ধারিত এলাকার বাইরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায়ও সার বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির পাশাপাশি ডিলার নন—এমন ব্যবসায়ীদের কাছেও সার সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নির্ধারিত এলাকায় সারের সরবরাহ কমে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বেশি দামে সার বিক্রির অভিযোগও রয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, নাসির উদ্দিন সোহেল কুষ্টিয়া সদর উপজেলার সার ও বীজের ডিলার। তার নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির সুযোগ নেই। কিন্তু মিরপুর উপজেলায় বিক্রির জন্য কয়েক ভ্যান সার নিয়ে যাওয়ার বিষয়টি মেমোসহ ধরা পড়ে। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, অধিক লাভের আশায় নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি করলে সংশ্লিষ্ট এলাকায় সারের সরবরাহে সংকট তৈরি হতে পারে। তাই ডিলারদের সরকারি নিয়ম মেনে নির্ধারিত এলাকায় সার বিক্রি করতে হবে।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন আরও বলেন, ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ড পুনরায় করলে জেল-জরিমানাসহ আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








