ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবস্থিত ‘আল-আমিন জুট মিল’-এর আবাসিক কোয়ার্টারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ৬ মে (শনিবার) দিবাগত রাতে উপজেলার ১০ মাইল এলাকায় অবস্থিত এই কোয়ার্টারে এই ঘটনা ঘটে। এ সময় প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম লুট করা হয়। এই ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. সান্টু আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মো. হাবলু প্রামাণিক (৫০) নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাবলু প্রামাণিক আগে ওই কোয়ার্টারে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। কর্মক্ষেত্রে অবহেলার কারণে তাকে পাওনা বুঝিয়ে দিয়ে অব্যাহতি দেওয়া হলে তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। গত ৬ মে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে হাবলু প্রামাণিক ও তার সহযোগীরা কোয়ার্টারের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
লুট হওয়া মালামালের তালিকায় রয়েছে ২টি পানির মোটর, ১টি টিউবওয়েল, ১০টি ফ্যান, ২০টি এলইডি লাইট, ৩০টি লোহার খাট, ৩০ সেট তোশক-বালিশ-বিছানা, ১১০টি ঢেউ টিন, ১টি মনিটর, ১টি অ্যালুমিনিয়াম মই এবং ৩০টি লোহার খুঁটিসহ আরও অনেক মূল্যবান সামগ্রী। বাদীর দাবি, চুরির এই পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
