ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙন রোধে স্থাপিত জিও ব্যাগের ওপর দিয়ে পাইপলাইন বসিয়ে নদীর গভীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গতকাল বুধবার (১১ নভেম্বর) অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। পরে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলার ১২ মাইল মুন্সিপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে স্থাপন করা জিও ব্যাগের ওপর দিয়ে পাইপলাইন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নদীভাঙন রোধে স্থাপিত জিও ব্যাগের ওপর দিয়ে পাইপলাইন বসিয়ে বালু উত্তোলনের ঘটনায় নদীতীরের সুরক্ষা অবকাঠামোর ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে জিও ব্যাগের কোনো ক্ষতি হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।









