কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাহাড়সম অভিযোগে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমানের বদলি

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগগুলো নিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা শাখার বিভিন্ন ইউনিট তদন্ত কার্যক্রম পরিচালনা করছে বলে জানাগেছে। স্থানীয়দের অভিযোগ, ওসি আরিফুর রহমান দৌলতপুর থানায় যোগদানের পর থেকে মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার মতো অনিয়ম সংঘটিত হয়েছে। এছাড়াও ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পক্ষ থেকে উত্থাপিত হয়ে আসছে বলে জানা যায়।

অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে একাধিকবার পুলিশ হেডকোয়ার্টারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে ওসি আরিফুর রহমানের প্রশাসনিক কারনে ট্যুরিস্ট পুলিশে বদলির নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, সাম্প্রতিক সময়ে দৌলতপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ওসি আরিফুর রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা গেছে। বিষয়গুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে এ বিষয়ে ওসি আরিফুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর