কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন। পাড়ায় পাড়ায় গিয়ে করছেন মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা। শুক্রবার সন্ধ্যায় এমনই একটি সভা হয়েছে নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী গ্রামে। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী আশ্চর্য গ্রামে বসে মাদক বিরোধী সমাবেশ। এলাকার শত শত নারী-পুরুষ জড়ো হন এই সভায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন।
তিনি বলেন, শুধু পুলিশ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য চাই সামাজিক আন্দোলন এবং সবার সহযোগিতা। থ”মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। আপনারা কেউ মাদক ব্যবসায়ীকে আশ্রয় দেবেন না। কেউ মাদক বিক্রি করলে বা সেবন করলে আমাদেরকে তথ্য দিন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আসুন সবাই মিলে মাদকমুক্ত কুমারখালী গড়ে তুলি।” ওসি জামাল উদ্দিন আরও বলেন, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি এলাকাবাসীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গত কয়েক সপ্তাহ ধরে কুমারখালীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পাড়ায় পাড়ায় গিয়ে এ ধরনের সভা করছেন তিনি। স্থানীয়রা বলছেন, পুলিশের এমন উদ্যোগে এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ছে। ওসি জামাল উদ্দিন জানান, অপরাধ নির্মূলে এই জনসচেতনতা কার্যক্রম কুমারখালীর প্রতিটি পাড়া-মহল্লায় অব্যাহত থাকবে।









