কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করা হবে: পুলিশ সুপার আমিনুল ইসলাম

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন পুলিশ সুপার আমিনুল ইসলাম।

 

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে অবস্থিত নুসরাত তাবাসসুমে গ্রামের বাড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন তিনি।

 

এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুসরাত তাবাসসুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

 

পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন,এই অগ্নিকাণ্ডে মূল রহস্য দ্রুত উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

এসময় সমসাময়িক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় জনসাধারণকে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান তিনি।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে টিনশেড বাড়ির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। পাশাপাশি আগুনে দুটি ছাগল ও ৫০ থেকে ৬০টি মুরগি মারা গেছে।

 

এ ঘটনায় রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন।

 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।

 

তিনি আরও লেখেন,এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।

 

এদিকে ঘটনার পর সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

 

নুসরাত তাবাসসুম বলেন,বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে তাঁর ধারণা, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই উল্লেখ করে তিনি ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন।

 

তবে পুলিশ বলছে, তারা এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাননি। তবে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি এখন তদন্ত পর্যায়ে রয়েছে এ ব্যাপারে বিস্তারিত পরে জানাবেন।

 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ঘরটি মূলত গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। রাতে সংসদ সদস্য তাঁকে ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

তিনি আরও জানান,সংসদ সদস্যের পরিবারের কোনো সদস্যের ক্ষতি হয়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে রাত ১২টা ১০ মিনিটের দিকে বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর