খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় আবু নাসের বাঙ্গালী জয় (২৩) নামে এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু নাসের বাঙ্গালী জয় (২৩) কুমারখালী থানার এনায়েতপুর গ্রামের মৃত শরিফুল আলমের ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আদালতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. দর্জি আবু জাফরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কুমারখালী থানাধীন এনায়েতপুর বাজার থেকে আবু নাসের বাঙ্গালী জয়কে গ্রেপ্তার করে। পরে শনিবার (২২ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালতে তিনি মামলার ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন পুলিশ গ্রুপে জানান, গ্রেপ্তার আবু নাসের বাঙ্গালী জয় খোকসা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, খোকসা থানার মামলা নং-০৩, তারিখ ৯ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, ওই হামলা ও গুলির ঘটনায় আবু নাসের বাঙ্গালী জয় জড়িত ছিলেন। মামলার তদন্তে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তদন্তের মাধ্যমে খোকসা থানা এলাকায় সংঘটিত ওই হামলা ও গুলির ঘটনার নেপথ্যের কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির মাধ্যমে ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।









