দৌলতপুর প্রতিনিধি ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে কয়েক দিন ধরে অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও হুমকি থেকে রেহাই পাননি বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
এ ঘটনার জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন তিনি। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে এর দায় নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন এই সংসদ সদস্য।
এর আগে, বুধবার (১১ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। এতে বাড়ির গবাদিপশু রাখার ঘরে আগুন লাগে এবং কয়েকটি গবাদিপশুর মৃত্যু হয়। আগুনে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত তার সঙ্গে ছিলেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। বাইরে বের হয়ে গবাদিপশু রাখার ঘরে আগুন জ্বলতে দেখেন। ওই ঘরে বাড়ির কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সেখানে তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে পাওয়া একটি হুমকির কলসহ সার্বিক বিষয় উল্লেখ করে তিনি ঢাকার কলাবাগান থানায় জিডি করেন। কিন্তু জিডির পরও হুমকি বন্ধ হয়নি।
হামলার রাতের ঘটনা তুলে ধরে নুসরাত তাবাসসুম বলেন, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে সতর্কতামূলক ও হুমকিস্বরূপ একটি পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাড়িতে পরপর বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণের ধরন দেখে তার ধারণা, এটি পেট্রোলবোমা হামলা। তিনি ঘটনাটিকে সুপরিকল্পিত হামলা বলে দাবি করেন।
তিনি আরও বলেন, হামলার পর সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করেছেন। তবে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
নুসরাত তাবাসসুম বলেন, এ ধরনের হামলা চালিয়ে তাকে কিংবা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে দমিয়ে রাখা যাবে না। গত ১৭ বছরে দেশের মানুষ এ ধরনের বহু ঘটনার সাক্ষী হয়েছে, যার পরিণতিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে জানিয়েছেন, আলামত সংগ্রহের জন্য ঢাকা থেকে ফরেনসিক দল এসেছে। এ সময় তিনি হামলায় জড়িত চারটি পেট্রোলবোমা নিক্ষেপকারীর দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের (স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ করে) পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম যিনি স্থানীয় বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং এলাকায় ‘টম মাস্টার’ নামে পরিচিত।
তিনি জানান, কয়েক দিন ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। হুমকিতে বলা হচ্ছিল, আর মাত্র এক মাস, তারপর তোদের দেখে নেব। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনার পর থেকে সংসদ সদস্যের বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। সকালে বিজিবি সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও এলাকায় টহল দিতে দেখা যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। পরে দুপুর ২টার দিকে সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে সংবাদ সম্মেলন শেষে এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করার কথা জানান নুসরাত তাবাসসুম। ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব।









