বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের চৌড়হাস মোড়ের আইল্যান্ডের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বিস্ফোরিত বস্তুর অংশবিশেষ উদ্ধার করেছে।
স্থানীয় এক দোকানি জানান, রাতে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় ট্রান্সফরমার বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনতে পান। পরে তাকিয়ে দেখেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হয়েছেন এবং সেখান থেকে ধোঁয়া উঠছে। কাছে গিয়ে তিনি ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরিত অবস্থায় দেখতে পান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই দোকানি জানান, লোকজনের মধ্যে আলোচনা হচ্ছিল—একটি ইজিবাইক থেকে কে বা কারা বস্তুটি ছুড়ে মেরেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইক থেকে বস্তুটি ছুড়ে মারা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।









