বিশেষ প্রতিনিধি ॥ ধর্মীয় আসার অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি তথা জন্মাষ্টমী। দিবসটি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দের হাওয়া। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে বিকাল ৫টায় শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিপুল হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার সার্বজনীন পূজা মন্দিরে গিয়ে সেই শোভাযাত্রা। শোভাযাত্রায় অনেক শিশুকে ভগবান শ্রীকৃষ্ণের সাজে অংশ নিতে দেখা যায়। আবার কেউ কেউ হাজির হন শ্রীকৃষ্ণের মামা কংস রূপে। ঢাক ঢোলের তালে তালে মুখরিত হয়ে ওঠে শোভাযাত্রা।
শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বীরা জানান, দুষ্টের দমনের লক্ষ্যে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ মানুষ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সেই দিবসটির স্মৃতি ধরে রাখতেই আজকের এই উদযাপন। তারা বলেন, বর্তমান সমাজে অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে। তাই এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাদের প্রার্থনা, তিনি যেন এসব অত্যাচারীদের বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন।









