দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে ২১ মামলার পলাতক আসামি আব্দুল মতিন খোকনসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সারা রাত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল মতিন খোকন (৪৫) উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামের মৃত হাজী গাজিউর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে সাতটি মামলায় সাজা পরোয়ানা এবং ১৪টি মামলায় সিআর পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন আকবর আলী মোল্লা (৫৫), রাশেদুল ইসলাম (৩০), স্বপন আলী (৩০), জীবন আলী (২৩), রুবেল শেখ (৫৫), আশরাফুল ইসলাম (৪০), বাদশা ইসলাম (২৫) ও আসাদুর রহমান বাচ্চু (৩৫)।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার অভিযুক্তদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় পঁচামাদিয়া গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে ২১ মামলার পলাতক আসামি আব্দুল মতিন খোকনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।









