কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় নানান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় নানা কর্মসূচি পালন করেছে জেলা শাখা।

 

গতকাল সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদ মোহাম্মদ রোডস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

 

জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার নেতাকর্মীরা অংশ নেন। 

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। জেলা যুব অধিকার পরিষদ সভাপতি জিলহজ খান ও সাধারণ সম্পাদক মিনহাজুল হক পাপ্পু। জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মিলন মালিথা। জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাকিব হুসাইনসহ জেলা গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কুষ্টিয়া শহরের একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

 

আলোচনা সভায় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর এর নেতৃত্বে দলকে সু-সংগঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি। 

 

তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে গণঅধিকার পরিষদ দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে শহরের একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করেছি। আমরা মনে করি, রাজনীতি শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের কল্যাণে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর