খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই আগস্ট ২০২৬, ১:৪৫ এএম

দৌলতপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের বরেণ্য রাজনীতিবিদদের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দৌলতপুর উপজেলা পরিষদ বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে দৌলতপুর থানা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহমেদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। এ সময় দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তারেক রহমানসহ দেশের বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা এ ধরনের বক্তব্যের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সম্পর্কে আপত্তিকর ও অশালীন বক্তব্য রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। তারা ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য