কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গড়াই নদীতে নৌকা বাইচের সমাপনী দিনেও উৎসবমুখর পরিবেশ

বিশেষ প্রতিনিধি ॥ নৌকা বাইচের সমাপনী দিনে মাঝিদের ছন্দময় বৈঠার টানে নদীর ঢেউ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ প্রতিযোগিতা উপভোগ করতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুষ্টিয়ার গড়াই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জেলার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের অন্তর্গত ঘোড়াই ঘাট এলাকায় তিনদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে ফাইনালে দুটি দল নিউ শাপলা সৈয়দপুর ও নিউ জনতার সংগ্রাম খেলা ড্র করে।

সন্ধ্যা ঘনিয়ে আসায় গত ২০ সেপ্টেম্বর আয়োজক কমিটি পুনরায় দুটি দলের অংশ গ্রহনে বিজয়ী দল নির্ধারন করা হবে জানান। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস, পরিচালনা করেন দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুহাদ রেজা ফাহিম, সার্বিক তত্বাবধানে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মসলেম উদ্দিন। উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে টানা চতুর্থদিনের মধ্যে দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতায় উক্ত দুটি দল অংশ নিলে নিউ জনতার সংগ্রাম বিজয়ী হয় বলে তথ্য পাওয়া যায়।

এদিকে এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে, শেষ দিনেও নদীর দুই তীরে কয়েক হাজার মানুষের ভিড়ের মধ্যে প্রতিযোগিতাকে ঘিরে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের আমেজ। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়জুড়ে বসে নানা ধরনের অস্থায়ী দোকান ও খাবারের স্টল। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ করেন। এসময় আয়োজক কমিটির আহবায়ক ইমরান হোসেন ইউনুস জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের সংস্কৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এ ক্রীড়া ও লোকজ ঐতিহ্যকে পরিচিত করতেই এ আয়োজন করা হয়েছিলো। আগামী দিনগুলোতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হওয়ার পরও নদীর পাড়ে দর্শনার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছিল।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর