দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা জয়ভোগা গ্রামে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আলম। তিনি বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুল হকের পুত্র এবং স্থানীয়ভাবে সুপরিচিত চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে জাহাঙ্গীর আলম তার ভাই, ওষুধ ব্যবসায়ী আবুর সঙ্গে আল্লারদর্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
পথে জয়ভোগা চার রাস্তার মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে হামলা চালায়। অভিযোগ রয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কয়েকজন যুবক এ হামলায় জড়িত। হামলাকারীরা ধারালো অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জাহাঙ্গীর আলমকে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীরের ভাই আবু বাদী হয়ে দৌলতপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এলাকায় এ ঘটনার পর চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
