কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের এক স্বত্বাধিকারীর কাছ থেকে অস্ত্রের মুখে ৪ লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পান্টি বাজার সান্দিয়ারা সড়কের ওয়াসী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. লুৎফর রহমান (৬০) ওই এলাকার মৃত কেতাব উদ্দিন শেখের ছেলে এবং পান্টি ভাগ্নে স্টোরের মালিক।
এ ঘটনায় বুধবার দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। লুৎফর রহমান জানান, প্রতিদিনের মতো রাতে দোকান ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শেষে প্রায় ৪ লাখ ৪১ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কবরস্থান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন এসে তার পথরোধ করে। তিনি বলেন, দুজন নেমে আমাকে আঘাত করে এবং চাপাতির মতো ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায়।
পরে মোটরসাইকেলে ঝোলানো নাইলনের ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, বাড়ি থেকে মাত্র ২৫ গজ দূরে ঘটনাটি ঘটে এবং মাত্র দুই মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা টাকা নিয়ে সটকে পড়ে। প্রাণভয়ে তিনি তখন কোনো প্রতিরোধ করতে পারেননি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









