কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া এলাকার মৃত দবির মোল্লা ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে মাঠের উদ্দেশে বাড়ি থেকে বের হন কিফাত মোল্লা। মাঠের ভেতরের একটি ফাঁকা সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়দের ধারণা, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। নিহতের মেয়ে সুমাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, তার বাবা গরু-ছাগলের জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ না থাকলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর