কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আশিক মিয়া নামে এক যুবকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে চলমান অভিযানের অংশ হিসেবে কাজিপুর, জামালপুর ও প্রাগপুর বিওপির কয়েকটি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মদ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৯৬ হাজার ৮১৮ টাকা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাচারিপাড়া ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে আশিক মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় মদের বোতল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং নগদ ৫৩৮ টাকা জব্দ করা হয়। এছাড়াও গতকাল শনিবার সকাল ৬টার দিকে জামালপুরের জয়পুর মাঠপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। একই দিন ভোর ৫টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর