কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার সদরপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ 

মিরপুর প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “নতুন কুঁড়ি” ভাবনার আলোকে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার লক্ষ্য নিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে শুরু হয়েছে এক ব্যতিক্রমী ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি। কোনো ধরনের এককালীন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ধারাবাহিক এই আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়নের প্রতিটি কোণে অবিরাম পৌঁছে দেওয়া হচ্ছে খেলাধুলার নানা সরঞ্জাম।

সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক আশা-র নিজস্ব উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই কার্যক্রমে ইউনিয়নের ২৮টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৩টি গ্রামের উদীয়মান খেলোয়াড়দের হাতে সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে ফুটবল, বুট, জার্সি ও ক্যারাম বোর্ড। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে সদরপুর ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয়, কে বি এইচ (ক.ই.ঐ) মাধ্যমিক বিদ্যালয়, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়, কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়, কাকিলাদহ মালিহাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীরামপুর মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসা ও সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসাসহ স্থানীয় কিন্ডারগার্টেনগুলোতে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং নতুন নতুন প্রতিষ্ঠানে এই বিতরণ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

উদ্যোগটির প্রশংসা করে কাকিলাদহ মালিহাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আসাদুল হক বলেন, “আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি ক্রীড়া চর্চাকে আমরা সবসময় প্রাধান্য দিই। তবে সত্য কথা হলো, আগে কখনো এভাবে সরাসরি স্কুলে এসে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী কেউ পৌঁছে দেয়নি। বিএনপি নেতা  আশা যে মহান উদ্যোগ নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম পৌঁছে দিলেন, তা সত্যিই  প্রশংসনীয়। বিদ্যালয়ের পক্ষ তাঁর এই মহৎ উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই।” শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ইউনিয়নের ১৩টি গ্রামের তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করতে নিয়মিত বিরতিতে ফুটবল, জার্সি, বুট জুতো ও ক্যারাম বোর্ড বিতরণ করা হচ্ছে। কেবল নিজ ইউনিয়নেই নয়, সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পার্শ্ববর্তী আমলা ও মালিহাদ ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেও খেলার বল উপহার দেওয়া হয়েছে।

সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, ইউপি সদস্য মো: আমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বাবলু, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতা এমসাদ চৌধুরী জীবন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক আশা বলেন, “তারেক রহমানের নির্দেশিত ‘নতুন কুঁড়ি’ ভাবনার মূল দর্শনই হলো কোমলমতি শিশু-কিশোরদের স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি এবং মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে খেলার মাঠে ফিরিয়ে আনা। আমরা একদিনে কর্মসূচি শেষ করিনি; প্রতিটি শিশু-কিশোর ও তরুণ যেন খেলাধুলার সুযোগ পায়, সে জন্য ধারাবাহিকভাবে প্রতিটি প্রতিষ্ঠানে ও খেলার মাঠে এই উপহার পৌঁছে দেওয়ার কাজ এখনো চালিয়ে যাচ্ছি।” এলাকার স্থানীয় কয়েকজন তরুণ খেলোয়াড়  জানান, ঝিমিয়ে পড়া খেলার মাঠগুলোতে শিশু-কিশোরদের আবার ফিরিয়ে আনতে এ ধরনের ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী প্রয়াস স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর