কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরের চিলমারীতে মানববন্ধনে হামলার অভিযোগ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে শিক্ষক মোছা. পারভীন আক্তারের বদলি বাতিলের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (৪ অক্টোবর) দুপুরে ১১৮ নম্বর পূর্ব খাজিরাথাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভীন আক্তারের বদলি বাতিলের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, চিলমারী ইউনিয়ন পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চল হওয়ায় অন্য এলাকা থেকে আসা অনেক শিক্ষক এখানে এসে থাকতে অনাগ্রহী। পারভীন আক্তার স্থানীয় বাসিন্দা হওয়ায় তিনি নিয়মিতভাবে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ হওয়ায় তা বাতিলের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন।

 

অভিযোগ করা হয়, মানববন্ধন চলাকালে বাবু ঢালী, আবু সুফিয়ান, সবুজ ঢালীসহ কয়েকজন সেখানে হামলা চালান। এ সময় দিলু ব্যাপারীর ছেলে শাহ আলী গুরুতর আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত শাহ আলী বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার ঢালী। তিনিও ঘটনায় আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর