কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জ্বর হলেই ডেঙ্গু আতঙ্কে ভেড়ামারাবাসী

‎‎ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাতেও ডেঙ্গু প্রতিরোধে বাড়তি সতর্কতা ও সচেতনতা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসক ও সচেতন মহল। সামান্য জ্বর দেখা দিলেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎

‎ডেঙ্গু আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাবসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করানো জরুরি।

‎

‎ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

‎

‎ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

‎

‎স্থানীয় সচেতন বাসিন্দা আবুল হায়াত বলেন, প্রতিবছর ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কিন্তু আমরা যদি নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখি এবং কোথাও পানি জমতে না দিই, তাহলে মশার বংশবিস্তার অনেকটাই কমানো সম্ভব। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

‎

‎চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ছাদ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার করতে হবে। প্রয়োজনে মশারি ব্যবহার ও মশার কামড় থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

‎

‎সচেতন মহলের দাবি, ভেড়ামারা পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে প্রচার-প্রচারণা জোরদার করা প্রয়োজন।

‎

‎সবার সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই পারে ভেড়ামারাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর