খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই জুন ২০২৬, ৩:৮ এএম

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা ও গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তির জামাতা কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার কান্তিনগর বোয়ালদাহ এলাকার বাসিন্দা মো. আমজাদ হোসেন (৫২) গত ২৪ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার মো. তারিক আজিজ (৪০) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে আমজাদ হোসেনের ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারধর করা হয় এবং মাথা, চোখের পাশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত আমজাদ হোসেনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ সংক্রান্ত পুলিশ কেসের কাগজপত্র এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।
আহতের জামাতা ও এজাহারকারী মো. আবু সাঈদ রাসেল অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ করলে তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং সুযোগ পেলে আমজাদ হোসেনকে হত্যার হুমকি দেয়। আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করতেই থানায় এজাহার দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি জানান। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এছাড়া এজাহার দাখিলের বিষয়ে কুষ্টিয়া মডেল থানার কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য