মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় আমলা ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আমলা সরকারি কলেজের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে আমলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ ছাত্রদলের দলের অন্যান্য নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, আমলা সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটিতে আলমচাদ সভাপতি, ইমতিশার আহমেদ রাফি সাধারণ সম্পাদক, লিমন খান সিনিয়র সহ-সভাপতি এবং মো. শান্ত আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আনন্দ মিছিল থেকে নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃত্বে আমলা সরকারি কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।









