কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নতুন সাইকেল পেয়ে ফরহাদের মুখে আবার ফিরলো হাসি

আজাদ সানি ॥ সাইকেল হারিয়ে থেমে গিয়েছিল কুষ্টিয়ার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ফরহাদের স্কুলে যাতায়াত। অসুস্থ কৃষক বাবার পক্ষে নতুন সাইকেল কিনে দেওয়া সম্ভব ছিল না। বাধ্য হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে আসতে হচ্ছিল তাকে। অবশেষে তার কষ্টের কথা জেনে পাশে দাঁড়িয়েছেন হালসা কাঁচাবাজারের ব্যবসায়ীরা। তাদের ভালোবাসায় নতুন সাইকেল, নতুন স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ পেয়ে আবারও হাসি ফুটেছে ফরহাদের মুখে। ফরহাদ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবা সিরাজুল ইসলাম একজন কৃষক।

দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকায় পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) স্কুল ছুটির পরে বিকেলে হালসা কাঁচাবাজারে তরিতরকারি কেনার জন্য সাইকেল রেখে বাজার করছিল ফরহাদ। এ সময় তার সাইকেলটি চুরি হয়ে যায়। সাইকেল হারিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। বিষয়টি নজরে আসে বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম ও সরোয়ার সদ্দারের। তারা ফরহাদকে সান্ত্বনা দিয়ে নতুন সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গতকাল রবিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হালসা কাঁচাবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে ফরহাদের হাতে নতুন সাইকেল, নতুন স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। ব্যবসায়ী সরোয়ার সদ্দার ও শফিকুল ইসলাম বলেন, “গত মঙ্গলবার ছেলেটির সাইকেল হারিয়ে কান্নায় ভেঙে পড়ার বিষয়টি আমাদের নজরে আসে।

তখনই তাকে নতুন সাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। পরে আশপাশের সহৃদয়বান ব্যবসায়ীদের সহযোগিতায় আজ তার হাতে নতুন সাইকেল, স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দিতে পেরেছি। আমরা চাই, সবসময় মানবতার কল্যাণে কাজ করতে।” নতুন সাইকেল পেয়ে আবেগাপ্লুত ফরহাদ কৃতজ্ঞতা প্রকাশ করে। সে জানায়, সাইকেল না থাকায় দীর্ঘ পথ হেঁটে স্কুলে আসতে তার অনেক কষ্ট হতো। এখন নতুন সাইকেল পাওয়ায় তার সেই কষ্ট দূর হলো। নতুন স্কুল ড্রেস পরে, নতুন স্কুল ব্যাগ পিঠে ঝুলিয়ে নতুন সাইকেলে চড়ে বাড়ির পথে রওনা হয় ফরহাদ। তার মুখে তখন ছিল আনন্দ আর স্বস্তির হাসি।

স্থানীয়রা জানান, একজন শিক্ষার্থীর পড়াশোনার পথ সহজ করতে হালসা বাজারের ব্যবসায়ীরা যে মানবিক উদ্যোগ নিয়েছেন, তা সমাজের জন্য অনুকরণীয়। ফরহাদের হাতে উপহার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন হালসা বাজারের ব্যবসায়ী সরোয়ার সদ্দার, শফিকুল ইসলাম, কলিমুদ্দিন, ডা. আমিনুল ইসলাম, মকলেস, ডা. হামিদুল ইসলাম, হাসান গার্মেন্টস, নূর আলী মেম্বার, সুমন, রাসেল, হোমিও চিকিৎসক ডা. মাসুদ, মজনু ও সনাতন কর্মকারসহ স্থানীয় ব্যবসায়ীরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর