কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আইন পেশা সবচেয়ে গুরুত্বপূর্ণ: ইবি উপাচার্য মতিনুর রহমান 

ইবি প্রতিনিধি ॥ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

 

গতকাল রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইন অনুষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে আয়োজিত অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে আইন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত সিভিল জজ উপস্থিত ছিলেন।

 

আইন অনুষদ থেকে সুপারিশপ্রাপ্তরা হলেন—আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম; ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আসিফ হোসেন ও শফিক শোভন; ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন খান; ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভোকেট সালমা খাতুন; ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহবুবা মোহিনী, শাকির আলম, রফিকুজ্জামান, আনোয়ার হোসেন, শারমিন খাতুন ও ইয়াসমীন খাতুন; ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খালিদ লিখন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমজাদ হোসেন। আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম ও এ. এইচ. হাবিব; ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানি এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের রোকনুজ্জামান রায়হান। আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজু আহমেদ।

 

সুপারিশপাপ্ত (সিভিল জজ) শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিশ্ববিদ্যালয়ের মান ধরে রাখতে সক্ষম হয়েছে। সৃষ্টি কর্তার রহমতে এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় আমরা সফল হয়েছি। সেই সফলতাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানিত করায় কৃতজ্ঞ জানাচ্ছি। এতে করে জুনিয়ররা আরও বেশি অনুপ্রাণিত হবেন। সত্য ও ন্যায় বিচারক হতে পারি, সবার দোয়া কামনা করছি।

 

সভাপতির বক্তব্যে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, “আইন অনুষদে থেকে সুপারিশপ্রাপ্ত সকলকে অভিনন্দন। আগামীতেও আমরা এমন সংবর্ধনা আয়োজন করবো। উপাচার্য স্যার এ বিষয়ে আমাদের সম্মতি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় অতিদ্রুত আজকের আয়োজন করতে পেরেছি।”

 

সুরা আন নিসার ১৩৫ আয়াতের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, “তোমরা ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষীস্বরূপ—যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতা-মাতা এবং নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়। (যার পক্ষে সাক্ষ্য দেওয়া হচ্ছে) সে যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের উভয়েরই বেশি হিতাকাঙ্ক্ষী। সুতরাং ন্যায়বিচার করতে গিয়ে তোমরা প্রবৃত্তির অনুগামী হয়ো না। আর যদি তোমরা পেঁচাও অথবা মুখ ফিরিয়ে নাও, তবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের যাবতীয় কাজের খবর রাখেন।”

 

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “যারা ১৮ তম জুডিশিয়ারিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সকলকে অভিনন্দন। বিশেষ করে আল ফিকহ এন্ড ল’ বিভাগের দীর্ঘদিন পর অর্জিত এই সাফল্যের জন্য বিভাগের সকল শিক্ষকদের আন্তরিক অভিনন্দন।  বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আইন পেশা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ গরিব মানুষের কল্যাণে আপনাদের কাজ করতে হবে। আমি ৫০তম বিসিএসের ভাইবা বোর্ডে ছিলাম। কিন্তু দূর্ভাগ্যবশত আমাদের বিশ্ববিদ্যালয়ের কাউকে পাইনি। জুডিশিয়ারির ভাইবা বোর্ডে অন্য বিশ্ববিদ্যালয়ের ডিন উপস্থিত থাকেন কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি থাকেনা। বিজেএসে’র অর্ডিন্যান্স কিভাবে সমাধান করা যায় আমি সেটা অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে আইন অনুষদের ডিন এবং শিক্ষকবৃন্দ তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। ইবির সকল অনুষদের সকল শিক্ষার্থীকে দক্ষ এবং কার্যকরী করার ক্ষেত্রে সকল লজিস্টিক সাপোর্ট দিতে প্রশাসন প্রস্তুত আছে।”

 

তিনি আরও বলেন, “আইন বিভাগে পড়ার ইচ্ছে থাকলেও আমি পড়তে পারিনি। দেশ ও দেশের বাইরে এই অনুষদের শিক্ষার্থীদের অবারিত সুযোগ রয়েছে।  এই বিভাগ থেকে চাইলেই বিজেএস, বিসিএস এবং আইনজীবী পেশায় যুক্ত হওয়ার  সুযোগ রয়েছে। আগামীতে জুডিশিয়ারির সংখ্যা ১৯ থেকে ৫০ হবে বলে আমি বিশ্বাস করি।”

 

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে মোট ১৯ জন সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁদের মধ্যে আইন বিভাগ থেকে ১৪ জন, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে ৪ জন এবং আল-ফিকহ অ্যান্ড ল বিভাগ থেকে ১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর