খোকসা বাসস্ট্যান্ড বণিক সমিতির দীর্ঘদিন পর সাধারণ সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসা বাসস্ট্যান্ড বণিক সমিতির দীর্ঘদিন পর সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৬

সবুজ আলী, খোকসা ॥ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমিতির কোনো কার্যক্রম না থাকায় প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছিল সংগঠনটি। অবশেষে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন বাসস্ট্যান্ডের ব্যবসায়ীরা। গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে খোকসা বাসস্ট্যান্ড চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাসস্ট্যান্ডের সিনিয়র ব্যবসায়ী আলাউদ্দিন বিশ্বাস (পিল্টু)। সভায় খোকসা বাসস্ট্যান্ডের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত থেকে নতুন কমিটি গঠন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বক্তব্য রাখেন হাজী আব্দুল সাত্তার, আব্দুল হামিদ, মিলন, নীলা, নবাব আলী, সোনা, কাজী হান্নান, জাহিদ হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজিজুল ইসলাম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডে কোনো পাবলিক টয়লেট নেই, নাইট গার্ডের ব্যবস্থাও নেই। এছাড়া বাসস্ট্যান্ডের একটি বড় ভাঙা ঢাল রয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। পাশাপাশি, এলাকায় ময়লা-আবর্জনার সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। তারা নতুন কমিটির কাছে দ্রুত এসব সমস্যার সমাধানের আহ্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আপাতত এক মাসের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে এবং এক মাস পর পূর্ণাঙ্গ কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।