বর্তমান সময়ে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই যথেষ্ট নয়: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বর্তমান সময়ে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই যথেষ্ট নয়: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদরের দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন,

সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবুবিন সাবু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সালাহ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহঃ রাশেদুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন। এসময় প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, নবীন শিক্ষার্থীদের আজকের এই বরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। এই যাত্রায় তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, বর্তমান সময়ে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে। তাহলেই তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

তিনি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায় এবং সুস্থ বিনোদনের মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। এর আগে অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথাও উল্লেখ করা হয়। সার্বিকভাবে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।