কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি ॥ তারুণ্যের উচ্ছাস আরাফাত রহমান কোকোর স্মৃতি প্রকাশ, প্রতিপাদ্যকে সামনে রেখে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 

গতকাল শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। 

 

অনুষ্ঠানে আয়োজক কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ইমদাদুল হক ইমদাদ এর সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন অর রশীদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ), আব্দুল হাই সিদ্দিকী, জেলা যুবদলের নবাগত সভাপতি ফুহাদ রেজা ফাহিম ও সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি প্রমূখ। 

 

এছাড়া আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউসুফ আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল শাহরিয়ার মামুনসহ অনেকে।

 

এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই আমাদের তরুণ সমাজ মাঠমুখী হোক, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুক। এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে স্থানীয় পর্যায় থেকে ভালো খেলোয়াড় উঠে আসবে এবং দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হবে।

 

এছাড়া আহমেদ মাহবুব উল ইসলাম বলেন, একটি সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক থেকে দুরে রাখতে সহায়ক হবে এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে।

 

এদিকে ফাইনাল খেলাকে ঘিরে পশ্চিম আব্দালপুর হাইস্কুল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তরুণ খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো মাঠজুড়ে ছিল উত্তেজনা ও উচ্ছ্বাস।

ফাইনাল খেলায় অংশ নিয়েছিলো ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দুরন্ত ফুটবল একাডেমি ও হরিনাকুন্ডু উপজেলার রিষখালি ফুটবল একাদশ। 

 

দুটি দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে খেলা সম্পন্ন হয়। এ খেলায় রিষখালি ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দুরন্ত ফুটবল একাডেমি। পরে দুটি দলের খেলোয়াড়দের হাতে পুরুষ্কারসহ চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা পুরুষ্কার দেওয়া হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর