কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নারীসহ এসআই আটক

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক নারীসহ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদকে আটকের পর থানায় সোপর্দ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৫০ সেকেন্ড ও ১৪ সেকেন্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির বাড়িতে ওই নারীসহ এসআই মাসুদকে দেখতে পান স্থানীয়রা। সেখানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয়রা তাদের আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দুটির একটিতে একটি সেতুর ওপর স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায় এসআই মাসুদকে দেখা যায়। ভিডিওতে তাকে বিচলিত ও ঘর্মাক্ত অবস্থায় দেখা যায়। এ সময় পাশে থাকা এক নারীকে ওড়না দিয়ে মুখ ঢাকার চেষ্টা করতে দেখা যায়।

 

স্থানীয় কয়েকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর কিংবা গভীর রাতে এসআই মাসুদকে বিভিন্ন নারীর সঙ্গে ওই সড়ক দিয়ে চলাচল করতে দেখা গেছে। এমনকি কখনো মামলার তদন্তের সময়ও মোটরসাইকেলে কোনো নারীকে সঙ্গে নিয়ে যেতে দেখা গেছে বলে তাদের দাবি। বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা থাকলেও পুলিশ সদস্য হওয়ায় অনেকে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাননি বলে স্থানীয়দের ভাষ্য।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন নারীর সঙ্গে তার চলাফেরা নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। আমরা চাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হোক এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।’

 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনাটি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসআই মাসুদকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলেও আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ ধরনের কোনো মৌখিক বা লিখিত অভিযোগ আগে আমার কাছে আসেনি। আজকের ঘটনা সামনে আসার পর আমরা ব্যবস্থা নিচ্ছি।

 

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হলে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে। পুলিশের পক্ষ থেকেও তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর