কুষ্টিয়া সীমান্তে অস্ত্র-কার্তুজ ও মাদক উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র-কার্তুজ ও মাদক উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৪, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (১৩ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় উপজেলার জয়পুর মাঠপাড়া এলাকায় তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র (সিঙ্গেল শুটার পিস্তল), দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক দুই সন্দেহভাজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য জব্দ করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিজিবির অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।