বিশেষ প্রতিনিধি ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য নির্মাণাধীন ৪০০ কেভি সঞ্চালন লাইনের নিরাপত্তার জন্য কুষ্টিয়া চিনিকল প্রাঙ্গণে থাকা ৬১টি গাছের ডালপালা ছাঁটাই করা হচ্ছে। এ জন্য চিনিকল কর্তৃপক্ষের কাছে অনুমতি ও প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অভিযোগ উঠেছে, ডালপালা ছাঁটাইয়ের পাশাপাশি কোনো কোনো অংশে বড় গাছও গোড়া থেকে কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। গত ২৭ আগস্ট কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে গাছপালা ছাঁটাই ও প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইনের খড়পধঃরড়হ ১৪/১ থেকে অচ১৫/০ পর্যন্ত নির্মাণকাজের জন্য কুষ্টিয়া চিনিকলের কারখানা প্রাঙ্গণের মধ্য দিয়ে নির্ধারিত জরমযঃ ড়ভ ডধু (জড়ড) বা সঞ্চালন করিডোরের মধ্যে বেশ কিছু গাছ রয়েছে। এসব গাছ সঞ্চালন লাইনের নির্মাণ ও নিরাপদ পরিচালনায় বাধা সৃষ্টি করতে পারে। চিঠিতে আরও বলা হয়, বিদ্যুৎ বিধিমালা ২০২০ অনুযায়ী ৪০০ কেভি সঞ্চালন লাইনের নিরাপদ পরিচালনার জন্য নির্ধারিত করিডোর বজায় রাখা প্রয়োজন। এ কারণে প্রয়োজন অনুযায়ী গাছের ডালপালা ছাঁটাই এবং দ্রুত বর্ধনশীল কিছু গাছ অপসারণ করতে হবে। চিঠি অনুযায়ী, ৪০০ কেভি লাইনের পরিবাহী তার থেকে ন্যূনতম নিরাপদ দূরত্ব ৬ দশমিক ৪০ মিটার এবং লাইনের দুই পাশে ২৩ মিটার করে জরমযঃ ড়ভ ডধু রাখার কথা বলা হয়েছে।
সরেজমিনে কুষ্টিয়া চিনিকল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক লাইনের নিচে এবং এর দুই পাশে থাকা বিভিন্ন গাছের ডালপালা ও আগা ছাঁটাই করা হয়েছে। তবে কয়েকটি বড় গাছ গোড়া থেকে কেটে ফেলার পায়তারা হচ্ছে বলে অভিযোগও পাওয়া গেছে। এ ছাড়া পাম, নারিকেলসহ দ্রুত বর্ধনশীল গাছ অপসারণের কথা বলা হয়েছে। তবে যেসব গাছের ক্ষেত্রে শুধু ডালপালা ছাঁটাই করার কথা, সেগুলোর কোনো কোনোটি কেন গোড়া থেকে কেটে ফেলার চেষ্টা হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, সঞ্চালন লাইনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করা হলেও কোনো গাছ অপ্রয়োজনে সম্পূর্ণ কেটে ফেলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, গাছ কাটার কোনো নির্দেশনা নেই। উচ্চ ভোল্টেজের তারের এপাশ-ওপাশ ৪০ ফুট করে মোট ৮০ ফুটের মধ্যে থাকা গাছগুলোর ডালপালা ছাঁটাই করা হচ্ছে। কিছু গাছ গোড়া থেকে কেটে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার জানামতে কোনো গাছ কাটা হয়নি। তারপরও বিষয়টি আমি খতিয়ে দেখছি। তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইনের মাধ্যমে কয়েকটি জেলায় যাবে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই গাছের ডালপালা ছাঁটাই করা হচ্ছে। চিঠিতে উল্লেখ করা তালিকা অনুযায়ী, কুষ্টিয়া চিনিকল প্রাঙ্গণের নির্ধারিত এলাকায় ৩৪টি মেহগনি, ৫টি নারিকেল, ১টি বট, ২৭টি ইপিল-ইপিল/করই এবং ২টি শিমুলসহ মোট ৬১টি গাছ রয়েছে।









