মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শিলা খাতুন (২৯) নামে এক নারীকে মারধর, অশালীন কথাবার্তা ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে মিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগে শিলা খাতুন উল্লেখ করেন, মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আবুরী গ্রামের বাসিন্দা কয়েকজনের সঙ্গে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময় শিলার সঙ্গে অশালীন কথাবার্তা বলেন এবং তাকে নানাভাবে অত্যাচার ও নির্যাতন করেন। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এছাড়া তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানান, এসব ঘটনার কারণে তিনি বর্তমানে তার পিতার বাড়িতে অবস্থান করছেন। সেখানেও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় মোঃ জিতা, তার স্ত্রী জাহানারা বেগম, মোঃ শরিফ, তার স্ত্রী ফাহিমা খাতুন ও মোঃ মালেকের বিরুদ্ধে মিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন শিলা খাতুন। স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









