বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন) সাইমুম পারভেজ এর সাথে কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতা মতবিনিময় করেছেন। কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চলে (ঊত ভেড়ামারা) পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান এবং কুষ্টিয়া শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আলোচনা করেন।
গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুরের দিকে দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ভেড়ামারা অর্থনৈতিক অঞ্চলে পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা, টেকসই শিল্পায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপির শীর্ষ নেতা জাকির হোসেন সরকার। একই সঙ্গে কুষ্টিয়া শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সবুজায়ন সম্প্রসারণ, দূষণ নিয়ন্ত্রণ ও নিরাপদ নগর পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
শিল্পায়নের ফলে যাতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব না পড়ে, সে জন্য পরিবেশসম্মত প্রযুক্তির ব্যবহার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিকল্পিত উন্নয়নের বিষয়ে অবগত করেন। পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও আলোচনা করেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা।
এদিকে এক বার্তায় জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ফেসবুক পোস্টে জানান, কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চলে (ঊত ভেড়ামারা) পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান এবং কুষ্টিয়াকে পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন, সবুজ নিরাপদ শহর হিসাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন) সাইমুম পারভেজ এর সাথে ফলপ্রসূ আলোচনা করা হয়েছে। প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, কুষ্টিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হয়।









