কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিপুল মাদক ও অবৈধ পণ্য উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিপুল মাদক ও অবৈধ পণ্য উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২১, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা। গতকাল বুধবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ মে কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন দৌলতপুর উপজেলার জামালপুর, ঠোটারপাড়া, আশ্রায়ন, উদয়নগর, চল্লিশপাড়া এবং মেহেরপুর জেলার শেওড়াতলা বিওপি এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন মাঠ, ফসলি জমি ও নির্জন স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ৫৭ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ, ১৫ বোতল মনোগোল্ড কফ সিরাপ, ৮ বোতল ভারতীয় মদ, ৬ হাজার ২৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৬ হাজার ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ১৭৭ প্যাকেট পাতার বিড়ি। উদ্ধার হওয়া এসব মালামালের মোট মূল্য ৩৮ লাখ ৭ হাজার ৫৩৫ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য অবৈধ সামগ্রী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টে বিশেষ তদারকির মাধ্যমে চোরাকারবারিদের তৎপরতা প্রতিনিয়ত ব্যাহত করা হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।