কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া বিসিকে চুরির সময় দুইজন আটক

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে নদ্যান জুটমিল মেনুফ্যাকচারিং কোম্পানির মালামাল চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আলম ও মো.  সাগর। তারা দুজনই কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে বিসিক শিল্পনগরীর নদ্যান জুটমিল মেনুফ্যাকচারিং কোম্পানিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ভেতর থেকে মালামাল সরিয়ে নেওয়ার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা বিষয়টি দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা এগিয়ে গেলে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে চুরি করা তার, যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয় বলে দাবি স্থানীয়দের।

বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আশানুজ্জামান বলেন, নদ্যান জুটমিল মেনুফ্যাকচারিং কোম্পানিতে মালামাল চুরির বিষয়টি আমরা অবগত রয়েছি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদেরও বর্তমানে পাওয়া যাচ্ছে না। ফলে নিরাপত্তাব্যবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। এদিকে বিসিক শিল্পনগরীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল ও যন্ত্রাংশ চুরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

তারা শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি জানান। ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন মাতুব্বরের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর