শহীদ রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া পৌর ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) দুপুর ০২টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার সূর্যসেনা ক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোক্তার হোসেন, সঞ্চালনা করেন ০৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম টোকন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আবু তালেবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
