কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে সার-বীজ বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পলিন ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি ও পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে জৈব সার ও বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়েছে।

 

গতকাল রবিবার (১ নভেম্বর) সকালে কুষ্টিয়া চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনের হলরুমে শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব জৈব সার ও সবজির বীজ বিতরণ করা হয়। বিতরণ করা বীজের মধ্যে ছিল লাউ, মিষ্টি কুমড়া, করলা, ঢেঁড়স, পুঁইশাক, পেঁপে, গাজর, বাঁধাকপি, শসা, শিম, বিটরুট, বরবটি, লালশাক, পালংশাক ও মূলাসহ বিভিন্ন প্রজাতির সবজি।

 

পলিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে জৈব সার ও সবজির বীজ তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

পলিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই আমাদের এ উদ্যোগ। শিক্ষার্থীরা নিজেদের বাড়িতে সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবে।

 

“পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, বিশেষ করে প্লাস্টিকজাতীয় সামগ্রী ও পলিথিনের ব্যবহার কমানো এবং জলবায়ু, মাটি, পানি ও কৃষি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

“এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কৃষি, প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাড়ির অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে পুষ্টিবাগান গড়ে তোলা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে পরিবারকে উৎসাহিত করা। এ লক্ষ্যে ছাদবাগান ও বাড়ির আঙিনায় বাগান তৈরিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, “শিক্ষার্থীদের মাঝে জৈব সার ও সবজির বীজ বিতরণের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে কৃষিকাজ সম্পর্কে জানতে পারবে এবং পরিবেশ ও নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতন হয়ে উঠবে।”

 

নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, “শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও কৃষির প্রতি আগ্রহ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলিন ফাউন্ডেশনের এ উদ্যোগ শিক্ষার্থীদের স্বাবলম্বী হতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করবে।”

 

এদিকে, শিক্ষার্থীরা এ উদ্যোগে আনন্দ ও উৎসাহ প্রকাশ করে।

 

কর্মসূচির আওতায় শুধু বীজ ও জৈব সার বিতরণই নয়, শিক্ষার্থীদের বাগান তৈরিতে সহযোগিতার পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, মাটির স্বাস্থ্য, পানির সঠিক ব্যবহার, কৃষি ও পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কৃষিকণ্ঠ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর