বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সম্মিলিত সামাজিক জোটের সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের চতুর্থ দিনে ইসলামিয়া কলেজ, সংলগ্ন মার্কেট ও সুখনগর বস্তি এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (১ নভেম্বর) কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ও এর আশপাশের মার্কেট এলাকায় সামাজিক সংগঠন কালপুরুষের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দিনে সেভ ট্রি ফাউন্ডেশনের সহযোগিতায় মজমপুর থেকে কোর্ট স্টেশন পর্যন্ত রেললাইনের দুই পাশের কর্মজীবী ও শ্রমজীবী মানুষের বসতি এবং সুখনগর বস্তি এলাকায়ও লিফলেট বিতরণ করা হয়।
ইসলামিয়া কলেজ এলাকায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য ও কুষ্টিয়া ক্রীড়া সংসদের সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে টিপু সুলতান বলেন, সম্মিলিত সামাজিক জোটের সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্যোগ প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে সচেতন করা হচ্ছে এবং নিজ নিজ এলাকায় সচেতনতা তৈরিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
কালপুরুষের সহপ্রতিষ্ঠাতা কোরবান শেখ হিল্লোল ও মিনহাজ উদ্দিন শিমুলের পরিচালনায় ইসলামিয়া কলেজ ও সংলগ্ন মার্কেটে লিফলেট বিতরণে অংশ নেন আরডেন্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা আজিজুল ইসলাম অয়ন, সংগঠক ওবায়দুর রহমান শায়খ, মতিবুর রহমান ও সুমন ইসলাম, কুষ্টিয়া ক্রীড়া সংসদের দপ্তর সম্পাদক ও অজন্তা আর্ট গ্যালারির স্বত্বাধিকারী তাজমুল ইসলাম, কালপুরুষের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রাজীব, সিফাত নূর, সাজিদ ইসলাম, স্বপ্ন আহমেদ ও পরাণ রহমান।
অন্যদিকে সুখনগর বস্তি এলাকায় সেভ ট্রি ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মসূচি পরিচালিত হয়। সংগঠনটির চেয়ারম্যান তারিফ মোস্তাফিজের পরিচালনায় লিফলেট বিতরণে অংশ নেন স্বেচ্ছাসেবক সদস্য সাদিয়া রহমান অরিন, তানজিনা কবির তন্নী, সানজিদা হামিদ ও ইয়াকুব ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে এবং সমন্বয়ক অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পললের সার্বিক নির্দেশনায় সহসমন্বয়ক সাদিক হাসান রহিদের তত্ত্বাবধানে গত ২৯ অক্টোবর সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কুষ্টিয়া পৌর শহর ও জেলাজুড়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়ানো এ উদ্যোগের লক্ষ্য। জোটের নেতৃবৃন্দ জানান, আগামী মঙ্গলবার থেকে উপজেলা পর্যায়েও ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে।









