কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্প প্রশিক্ষণে কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির প্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।

 

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম এবং ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমান।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে।

 

তিনি আরও বলেন, কোনো অপশক্তি যাতে জনশৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সতর্ক থাকতে হবে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করাই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

 

সংশ্লিষ্টরা জানান, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের নেতৃত্বের পরবর্তী ধাপে উন্নীত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের সক্ষমতা আরও সমৃদ্ধ হবে।

 

এ সময় শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মোঃ সাব্বির হোসেন, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়া, আরও-১, রিজার্ভ অফিস কুষ্টিয়াসহ ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর