কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কুষ্টিয়া পুলিশের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভারে চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সংযুক্তি কার্যক্রমে অংশ নেওয়া বিভিন্ন ক্যাডার সার্ভিসের ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার সঙ্গে কুষ্টিয়া জেলা পুলিশের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

 

সভায় কুষ্টিয়া জেলার ইতিহাস-ঐতিহ্য, জেলা পুলিশের কার্যক্রম ও সাংগঠনিক কাঠামোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি), গোয়েন্দা শাখা (ডিবি), থানার কার্যক্রম ও নাগরিক সেবা, পুলিশের ডিজিটাল সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।

 

এ সময় কুষ্টিয়া জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ও জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও আলোচনা করা হয়। পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পুলিশের কর্মকর্তারা।

 

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি মাঠ-সংযুক্তি কার্যক্রমের সময় কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের প্রশিক্ষণকালীন কর্মসূচি ও দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই কুষ্টিয়া মো. জহুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ঝিনাইদহ মো. মোসফেকুর রহমান এবং শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মো. সাব্বির হোসেন।

 

সভায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থী কর্মকর্তারা কুষ্টিয়া জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভের পাশাপাশি মাঠ-সংযুক্তি কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর