কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খয়েরপুরে খুনের ঘটনায় মামলা দায়ের : গ্রেপ্তার দুই

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের একজন নিহতের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) নিহত হালিমের ভাই আব্দুল আলিম বাদী হয়ে আব্দুল মান্নানকে প্রধান আসামী করে ২১ জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ১০/১১ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেছেন। এঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা এজাহার নামীয় দুইজন আসামীকে গ্রেপ্তার করে করেছেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, কুষ্টিয়া সদর থানাধীন খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে বকুল (৩৬) ও একই এলাকার নবীন মন্ডলের ছেলে তরিকুল (৩৫)। সুত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর -খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা চলছিলো। দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এর আগেও মান্নান মেম্বার গ্রুপের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ২৬ আগস্ট দুইটি পৃথক হত্যাচেষ্টা মামলা দায়ের হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ভোরবেলায় চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হয়। সেই ঘটনাস্থলে যাওয়ার জন্য হালিম বাড়ি থেকে বের হলে পথিমধ্যে মান্নান মেম্বারসহ তার সমর্থকেরা পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির ছাদ থেকে ফালা ছুড়ে মারলে হালিমের গলায় লেগে হালিম ঘটনাস্থলেই নিহত হয়। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. জাকির হোসেন বলেন, নিহত হালিমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা অভিযান পরিচালনা করে এজাহারনামীয় দুইজন আসামীকে গ্রেপ্তার করেছি।আমরা আরো এজাহারনামীয় আসামিসহ জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর