শ্যালকের বউকে ধর্ষণের চেষ্টা
বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ণপুরে চাচাতো শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ইটভাটার মালিক বশির উদ্দিনের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, রাতে গৃহবধূর ঘরে আগে থেকেই লুকিয়ে ছিলেন তিনি। গৃহবধূ ঘরে প্রবেশ করতেই তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে অভিযুক্ত বশির উদ্দিন বিবস্ত্র অবস্থায় পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের কিত্তিনগর গ্রামে। ভুক্তভোগী গৃহবধূর নাম বৃষ্টি (ছদ্মনাম)। অভিযুক্ত বশির উদ্দিন একই গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় বশির ব্রিকস (ফাইভ স্টার) ইটভাটার মালিক। স্থানীয়ভাবে তিনি সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে গৃহবধূ বৃষ্টি বাথরুম থেকে প্রয়োজনীয় কাজ শেষে নিজের ঘরে ফিরছিলেন। এ সময় আগে থেকেই ওই ঘরে অবস্থান করছিলেন বশির উদ্দিন। গৃহবধূ ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বৃষ্টির চিৎকার শুনে পাশের কক্ষে অবস্থান করা তার দুলাভাই ছুটে আসেন। তিনি অভিযুক্তকে ধরে মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। একপর্যায়ে বশির উদ্দিন কোনো রকমে বিবস্ত্র অবস্থায় সেখান থেকে পালিয়ে যান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন ওই গ্রামে ওয়াজ মাহফিল চলছিল। এ কারণে মজিবর মালিথার বাড়িতে লোকজনের উপস্থিতি তুলনামূলক কম ছিল। গৃহবধূর স্বামী পেশাগত কাজে বাড়ির বাইরে ছিলেন। ওই দিন তার বোন ও দুলাভাই বেড়াতে এসেছিলেন। বাড়িতে লোকজন কম থাকার সুযোগে বশির উদ্দিন ঘরে প্রবেশ করে ওত পেতে ছিলেন বলে অভিযোগ উঠেছে।
পারিবারিক সম্পর্কের দিক থেকেও ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ বৃষ্টি অভিযুক্ত বশির উদ্দিনের তৃতীয় স্ত্রীর চাচাতো ভাইয়ের স্ত্রী। অর্থাৎ আত্মীয়তার সূত্রে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল।
ঘটনার পরদিন ১৩ নভেম্বর ভুক্তভোগীর শ্বশুর মো. মজিবর মালিথা বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বশির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলাটি রুজু করে।
এদিকে অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও নারীদের উত্ত্যক্ত ও হয়রানির অভিযোগ ছিল বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, বশির উদ্দিনের ইটভাটায় কর্মরত নারী শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করার ঘটনাও ঘটেছে।
ঘটনার রাতে বশির উদ্দিনকে দেখেছেন বলে দাবি করেছেন একই গ্রামের বাসিন্দা আনিস। তিনি বলেন, রাত আনুমানিক ১০টার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বশির উদ্দিনকে দেখতে পান। তখন তাকে বেশ হাঁপাতে দেখা যাচ্ছিল এবং পরনে ছিল একটি ওড়না। আনিসের ভাষ্য, তিনি এলাকার পরিচিত ও সম্মানী লোক। এমন অবস্থায় তাকে দেখে অবাক হয়েছিলাম। তবে তখন কিছু জিজ্ঞাসা করিনি। পরে ঘটনার বিষয়ে জানার পর বিষয়টি বুঝতে পারি।
অভিযুক্তের পারিবারিক ও রাজনৈতিক পরিচয় নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। বশির উদ্দিনের স্ত্রী বিউটি জানান, তার স্বামী আগে আওয়ামী লীগের সঙ্গে কর্মী হিসেবে সম্পৃক্ত ছিলেন, তবে কোনো পদ-পদবিতে ছিলেন না। যদিও স্থানীয়ভাবে বশির উদ্দিনকে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় দেওয়া হয়। রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
অভিযোগের বিষয়ে বশির উদ্দিনের স্ত্রী বিউটি বলেন, সরকার পতনের পর থেকে তার স্বামীকে নিয়ে নানা ধরনের ঝামেলা চলছে। তার দাবি, এটি বিএনপির নেতাকর্মীদের সাজানো নাটক। কিছুদিন আগে তাদের ইটভাটাও ভেঙে দেওয়া হয়েছিল। কোনো কিছু করেই তাদের দমাতে না পেরে এখন মিথ্যা অভিযোগে মামলা করানো হয়েছে।
অন্যদিকে ধর্ষণচেষ্টার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বশির উদ্দিন। তার দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। এ সময় তার পরনের জামাকাপড় খুলে তাকে বিবস্ত্র করা হয় এবং সঙ্গে থাকা ৪০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কয়েকজন ব্যক্তি তাকে গৃহবধূর বাড়ি থেকে বিবস্ত্র অবস্থায় বের হতে দেখেছেন—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।









