খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৯ই জুলাই ২০২৬, ১:১৪ এএম

বিশেষ প্রতিনিধি ॥ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৪টি মামলা দায়ের করা হয় এবং ২৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বিআরটিএর সম্মানিত চেয়ারম্যান এবং খুলনা বিভাগীয় পরিচালকের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এ মোবাইল কোর্টে বিআরটিএ কুষ্টিয়া সার্কেল, জেলা প্রশাসন কুষ্টিয়া এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে অংশগ্রহণ করে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, যানবাহনের অনিয়ম রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দায়ের করা ৪টি মামলার মধ্যে ৩টি ছিল মোটরযানে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে, যা সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮৮ ধারায় করা হয়।
এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান পরিচালনার অপরাধে আইনের ৬৬ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সর্বমোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এদিকে একই দিনে বিআরটিএ কুষ্টিয়া সার্কেলে ফিটনেস সনদ গ্রহণের জন্য আসা বিভিন্ন মোটরযান পরিদর্শনের সময় কয়েকটি গাড়িতে অবৈধ হাইড্রোলিক হর্ন শনাক্ত করা হয়। পরে জনস্বার্থে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের স্বার্থে এসব অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
বিআরটিএ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সকল চালক ও যানবাহনের মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার । সাজিদ শাহরিয়ার ফাহিম এ সময় বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য